প্রভাস দত্ত এর কবিতা "অমৃতের তৃষ্ণা"

 প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২১, ০৮:৫৯ অপরাহ্ন   |   সাহিত্য-সংস্কৃতি





অমৃতের তৃষ্ণা
-----প্রভাস দত্ত


তোমার করুণার সিন্ধু হতে
গণ্ডুষে করিয়া আহরণ;
অহংকারে আমার ভাবিয়া
সঞ্চিত যত খুদের ধন;
নিত্য প্রকাশে মিনতি
তোমারই চরণে লুটাতে।
তোমার প্রেমের অর্ঘ হয়ে
মরিতে দানে আকুল প্রণতি 
তোমারই অধিষ্ঠ বেদীতে।
হয়ে যায় যদি সমাপন
অপূর্ণ দানের আয়োজন 
সন্ধ্যা আরতি মাঝে;
দিবসের সকল অক্ষমতা 
পোড়ায়ে আরতি অনলে
রাঙিও ললাট ভস্ম তিলকরাজে। 
মুখর হ্রদয়খানি 
নীরবে ঢাকিয়া আনি
বরণের মালায় সাজায়ে যদি
তোমার কণ্ঠ মাগি;
বিসর্জনের করুণ সলিলে ডুবিয়া
আমায় করো না নিঃসীম নিশিতে
তোমার শরণ বিবাগী।
আমার ধুলার অঙ্গে মলিন ভূষণ 
ক্ষমার পূজায় যজ্ঞাগ্নিতে পুড়িয়া
অপাপকান্ত অলংকারে পরিশুদ্ধতা বনিয়া
উৎসর্গে করি বলিদান
তোমার পূণ্যচরণপূর্ণ মন্দিরে।
চন্দনে মাখা পুষ্পপত্রদলে
অঞ্জলি দানি শুদ্ধ ভক্তিতলে
করুণা জাগাতে তোমার অন্তরে।
ওগো অনন্ত দরদী আসান 
নিরাভরণ মম দীন নিবেদন 
রাখিও তোমার চরণ অঞ্চলে;
দহন ক্ষরণ ঝঞ্ঝা ভঞ্জনে 
মুষ্ঠিবদ্ধ রাখিও বন্ধনে
চৌমোহনার গোলকধাঁধায় পথ হারালে।
দুয়ারে দুয়ারে ভিক্ষা মাগিয়া 
রত্নভিক্ষা পাই যেন গো
তোমার দুয়ারে।
জীবন ঝুলির অসার দীক্ষা
তোমার ঝুলিতে উজাড় করিয়া
সিদ্ধদীক্ষা পাই যেন গো
তোমার মন্ত্রবরে। 



কবিঃ প্রভাস দত্ত, বাংলাদেশ ব্যাংকের ডিজিএম (অবঃ)।