নবকাম পল্লী কলেজের অধ্যক্ষের অপসারণ চেয়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে শত শত শিক্ষার্থী

 প্রকাশ: ১৮ নভেম্বর ২০২১, ১১:৪০ অপরাহ্ন   |   সারাদেশ


ফরিদপুর সালথা উপজেলার নবকাম পল্লী কলেজের অধ্যক্ষের হাতে কলেজছাত্রী লাঞ্ছিত,ঘুষ,দুর্নীতি ও নানা অনিয়ম হওয়ার ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে কলেজ ক্যাম্পাস। কলেজ অধ্যক্ষের অপসারণ চেয়ে বৃহসপতিবার মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে শত শত শিক্ষার্থী। এর আগে কলেজের এইচএসসি পরীক্ষার্থীর সাথে তুচ্ছ ঘটনায় লাঞ্চিত করেন ওবায়দুর রহমান। এ খবর ছড়িয়ে পড়লে কলেজের সাধারণ শিক্ষার্থীরা কলেজের অধ্যক্ষের বিচারের দাবিতে বৃহস্পতিবার ক্যাম্পাসে প্রতিবাদ বিক্ষোভ করেন। একই দাবিতে শত শত শিক্ষার্থী বৃহস্পতিবার দুপুরে কলেজ ক্যাম্পাস বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি ক্যাম্পাস ঘুরে স্থানীয় যদুনন্দী বাজারে গিয়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে। ক্ষুব্ধ শিক্ষার্থী অধ্যক্ষ ওবায়দুর রহমানের পদত্যাগ দাবি করেন। প্রতিবাদ কর্মসূচিতে বক্তব্য রাখেন অনার্স প্রথমবর্ষের শিক্ষার্থী মো. রবিন আহম্মদ, এইচএসসি দ্বিতীয়বর্ষের শিক্ষার্থী মিজানুর রহমান, আক্তার হোসেন, আফসানা বেগম, সাবিনা আক্তারসহ ডজনখানেক শিক্ষার্থী।