শ্রীমঙ্গলে ব্যাংক থেকে টাকা নিয়ে ফেরার পথে মোটরবাইক নিয়ে ছিনতাই

 প্রকাশ: ২৪ অগাস্ট ২০২১, ০৩:০৭ অপরাহ্ন   |   সারাদেশ



এস কে দাশ সুমন ( শ্রীমঙ্গল) :   মৌলভীবাজারের  শ্রীমঙ্গল  উপজেলার  ৩  নং  সদর  ইউনিয়নের  লালবাগ  আবাসিক  এলাকায়  ব্যাংক  থেকে  টাকা  তুলে  অটোরিক্সা  করে  ফেরার  পথে  মোটরবাইক  নিয়ে  ছিনতাইয়ের  অভিযোগ  পাওয়া  যায়।

জানা যায়, সোমবার (২৩ আগস্ট)  বিকেল  ৩  টার দিকে  উত্তর  উত্তরসুর  গ্রামের  সারজিনা  আক্তারের  সাথে  থাকা  একলক্ষ  ত্রিশ  হাজার  টাকা  এবং  তার  প্রতিবেশী  জুলি  বেগমের  দশ  হাজার  টাকা  মোটরবাইক  নিয়ে   ছিনতাই  করে  নিয়ে  যায়  দুষ্কৃতিকারীরা৷

এই  ঘটনায়  ভুক্তভোগী  সারজিনা  আক্তারের  স্বামী   দিলদার  মিয়া  জানান,  গত  বৃহস্পতিবার  (এনজিও) আশা  থেকে  আমরা   ঋণ   নেই। এবং  সেই  ঋণের  টাকা  উঠাতেই  আমি  ও  আমার  স্ত্রী  শ্রীমঙ্গল  শহরের  মৌলভীবাজার  রোডস্থ  ডাচ  বাংলা  ব্যাংকের  স্থানীয়  শাখায়  যাই, ব্যাংকে  আমাদের  সাথে  ওই  সংস্থার   কেন্দ্র  সভাপতি  জুলি  বেগমও  ছিলেন৷  ব্যাংক  থেকে   টাকা  নিয়ে  আমরা   বাসায়  ফেরার  পথে  উপজেলার  লালবাগ  এলাকার  রাস্তার  পাশের  একটি  পুকুরের  কাছে  আসলে  হটাত  একটি   মটরসাইকেলে  করে  হেলমেট  পরিহিত  ছেলেরা  এসে  আমাদের  রিক্সার  গতিরোধ  করে৷  তারপর  ধারালো  চাপাতি  বের  করে  আমার  স্ত্রীর  কাছে  থাকা  টাকা  ভর্তি  ব্যাগটি   ছিনিয়ে  নেয়।  পাশাপাশি  জুলি  বেগমের  ব্যাগে  থাকা  দশহাজার  টাকা  ও  তার  স্মার্টফোনটি  ছিনিয়ে  নিয়ে  পালিয়ে  যায় ৷

তিনি  বলেন,  মটরসাইকেলে  তিনজন  আরোহী  ছিলো  তাদের  মধ্যে  একজনের  মাথায়  হেলমেট   পরা  ছিলো,  একজনের  মুখে  মাস্ক  ছিলো  এবং  আরেকজনের  মুখে  মাস্ক  হেলমেট  কিছুই  ছিলো  না৷ এবং  ছিনতাইকারীদের  বয়স  ২৫  থেকে  ৩০  বছর  বয়সের  মধ্যে  বলে  জানান  তিনি৷

এদিকে  এই  ঘটনায়  ঘটনাস্থলের  অদূরে  থাকা একটি  সিসিটিভি  ফুটেজে  দেখা  যায়  ছিনতাইকারীরা  একটি  মটরসাইকেলে  করে  অটোরিক্সার  পিছনে  আসছিলো  এবং  ছিনতাই  করে  পালিয়ে  যাওয়ার  সময়  মটর  সাইকেলটি  খুব  দ্রুত  গতিতে  পালিয়ে   যায়৷

উক্ত  ঘটনার  পর  থেকেই  ভুক্তভোগী  সারজিনা  আক্তার  অসুস্থ  হয়ে  শ্রীমঙ্গল  উপজেলা  স্বাস্থ্য  কমপ্লেক্সে  ভর্তি  হয়েছেন৷

ছিনতাইয়ের  ঘটনার  সত্যতা  স্বীকার  করে  শ্রীমঙ্গল  থানার  পুলিশ  পরিদর্শক  (অপারেশন)  নয়ন  কারকুন  বলেন,  আমরা  ঘটনাটি  শোনার  পর  পুলিশ  ঘটনাস্থল  পরিদর্শন  করেছে, এবং এই  ঘটনায়  আমরা  ঘটনাস্থলের  পাশেই  থাকা  ওই  এলাকার   একটি   সিসিটিভি   ফুটেজ  পেয়েছি।  এই  বিষয়ে  তদন্ত  চলছে  তদন্ত  শেষে  আইনানুগ  ব্যবস্থা  গ্রহণ  করা  হবে।